February 20, 2026
Friday, February 20th, 2026, 2:30 pm

বকেয়া ৫ মিলিয়ন ডলার: স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

 

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সংস্থাটির কাছে প্রায় ৫ মিলিয়ন ডলার নেভিগেশন চার্জ বকেয়া রয়েছে।

বেবিচক জানিয়েছে, আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেটের কাছে বড় অঙ্কের পাওনা রয়েছে। দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়া হলেও বকেয়া পরিশোধ না করায় সংস্থাটির জন্য বাংলাদেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার ফলে বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি বা ইম্ফলগামী ফ্লাইটগুলোকে বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে দীর্ঘতর রুটে চলতে হচ্ছে। এতে উড়ানের সময় বেড়েছে এবং যাত্রীদের অতিরিক্ত সময় বিমানে কাটাতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’ -এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকেই স্পাইসজেটের ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করছে।

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং এটি একটি নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়া। তাদের দাবি, সব ফ্লাইট সচল রয়েছে, কোনো ফ্লাইট বাতিল হয়নি। গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেবজো মহর্ষি বলেন, “গত ত্রৈমাসিকে আমরা সক্ষমতা দ্বিগুণ করেছি, যা ব্যবসার প্রতি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলন। আমরা পরিষেবা উন্নত ও যাত্রীদের নির্ভরযোগ্যতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।” সংস্থাটি ২০২৬ সালের মধ্যে দৈনিক ৩০০টির বেশি ফ্লাইট পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছে।

সংবাদ প্রকাশ্যে আসার পর বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) -এ স্পাইসজেটের শেয়ারের দামে পতন দেখা গেছে। বৃহস্পতিবার লেনদেনে শেয়ারপ্রতি দাম প্রায় ১ শতাংশ কমে ১৬ দশমিক ৮১ রুপিতে নেমে আসে। গত ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি লোকসানের তথ্যও সামনে এসেছে।

স্পাইসজেটের দাবি, ঘুরপথে উড়লেও নিরাপত্তা বা শিডিউলে বড় কোনো প্রভাব পড়বে না। তবে রুট দীর্ঘ হওয়ায় নির্দিষ্ট কিছু ফ্লাইটে উড়ানের সময় বাড়ছে। স্পাইসজেটের দাবি, এতে সময় বাড়লেও যাত্রী নিরাপত্তায় বা শিডিউলে বড় কোনো প্রভাব পড়বে না।

এনএনবাংলা/