February 20, 2026
Friday, February 20th, 2026, 3:53 pm

বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন মোহাম্মদ সালাউদ্দিন

 

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় এবারের আসরে দেখা যাচ্ছে না টাইগারদের। বিশ্বকাপ না খেলা নিয়ে শুরু থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। তবে পরে নিজের বক্তব্য থেকে সরে এসে তিনি বলেন, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল।

এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বললেন বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আসিফ নজরুলের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

সালাউদ্দিন বলেন, “উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।”

তিনি আরও যোগ করেন, “আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।”

এর আগে ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমের সামনে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই। তার ভাষ্য ছিল, বিসিবি ও খেলোয়াড়রাই দেশের ক্রিকেট, মানুষের নিরাপত্তা ও মর্যাদার বিষয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বকাপ বয়কট ইস্যুতে সরকার, বোর্ড ও কোচিং স্টাফদের ভিন্নমুখী বক্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনা এখনও থামেনি।

এনএনবাংলা/