February 20, 2026
Friday, February 20th, 2026, 5:27 pm

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, নিহত ২

প্রতীকী ছবি

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে তারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় ৫-৬ জনের একটি দল দুই পথচারীর পথরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে নেয় তারা।

খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় সড়কে ছিটকে পড়ে দুজন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যরা কৌশলে পালিয়ে যায়।

ওসি আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএনবাংলা/