প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী চান যত দ্রুত সম্ভব থার্ড টার্মিনাল চালু করা হোক। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং দ্রুত বাস্তবায়নের উপায় নিয়ে কাজ চলছে।
টার্মিনাল কবে চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে তিনি জানান, এখনই নির্দিষ্ট সময় বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে আলোচনা ও তদন্ত হবে, কীভাবে দ্রুত চালু করা যায় সে বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
টার্মিনালের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হওয়ার পরও কেন চালু করা যায়নি—এ প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কিছু সুপারিশ ছিল, কয়েকটি অংশ ভাঙার প্রয়োজন ছিল এবং নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা ছিল। তবে এসব বিষয়ে আগের অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমান সরকার এখন দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে এবং প্রধানমন্ত্রী নিজেই এ বিষয়ে তাগিদ দিচ্ছেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
মন্ত্রীর ছেলেমেয়েও মন্ত্রী: ত্রয়োদশ সংসদে বিএনপিতে চমক দেখালেন যারা
রমজানে বাজার-সদাই: লেবু-শসা-বেগুনের দাম কমছে, কমলো কাঁচামরিচও
‘১৪ বোতল মদসহ আটক মেহজাবীন’, অভিনেত্রী বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’