নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলা—এ এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে শনিবার বিকালে মো. ওমর ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেফতাার করেছে পুলিশ। অভিযুক্ত ওমর ফারুক কালিয়া উপজেলার বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত
‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে চুক্তিভিত্তিক তত্ত্বাবধায়ক হিসাবে কালিয়া উপজেলায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তার নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খোলা হয়। ওই আইডি থেকে স্বজন ও পরিচিত ব্যক্তিদের ইনবক্সে যোগাযোগ করে বিভিন্ন অজুহাতে অর্থ সহায়তা চাওয়া হতো। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার করা হতো পরিবারের সঙ্গে তোলা পুরোনো ব্যক্তিগত ছবি। কখনো চাকরি
দেওয়ার প্রলোভন, কখনো বিপদের কথা বলে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি ভুক্তভোগী নারীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা সহায়তা চাওয়া হয়। টাকা নিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের দোকানের নম্বর ব্যবহার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৬ মিনিটে প্রথমবার ওই এজেন্টের দোকানে যান অভিযুক্ত যুবক। দোকানি ব্যস্ত থাকায় পরে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে
গিয়ে টাকা উত্তোলন করেন। প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারীর পরিবার কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে আটক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তার ব্যবহৃত মুঠোফোনে প্রতারণার আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা করেছেন। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
কালকিনিতে আ.লীগের কার্যালয়ে ঢুকে কেক কাটলো নিষিদ্ধ ছাত্রলীগ
রংপুরে নকল ঘি কারখানার সন্ধান, ৫মন ঘি সহ এক ব্যক্তি আটক
বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের রাখা অবদান ‘হাইড’ করা হয় : এমপি মাহবুবুর রহমান বেলাল