February 22, 2026
Sunday, February 22nd, 2026, 7:53 pm

নতুন সরকারের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক গড়তে চায় ভারত: প্রণয় ভার্মা

 

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ মনোভাব নিয়ে কাজ করতে চায় ভারত।

রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রণয় ভার্মা জানান, বৈঠকে তিনি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি।’

তিনি আরও বলেন, ‘পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা এবং শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ ও চিঠি হস্তান্তরের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে হাই কমিশনার বলেন, এই ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবেই রোববারের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, ‘এই সব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার এবং বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।’

এনএনবাংলা/