এখন থেকে ১৬ বছর বয়স পূর্ণ করা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)-এর ধারা-৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। নির্দেশক্রমে বিষয়টি মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।
খান আবি শাহানুর খান জানান, ১৬ বছর বয়সে এনআইডি পেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিতো ইসি।
২ মার্চ জাতীয় ভোটার দিবস
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২ মার্চ জাতীয় ভোটার দিবস নির্ধারণ করা হয়েছে। শিগগিরই দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হবে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, অন্যান্যবারের মতো এবারও যথাযথ মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখের বেশি
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে—
- পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন
- নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন
- তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার: ১ হাজার ২৩২ জন
এনএনবাংলা/


আরও পড়ুন
চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: ডা. শফিকুর রহমান
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, পাকিস্তান ও চীনের দূতদের সাক্ষাৎ
ঢাবির উপাচার্য পদে আলোচনায় ৭ জনের নাম, তালিকায় দুই নারী শিক্ষক