February 23, 2026
Monday, February 23rd, 2026, 3:07 pm

আওয়ামী লীগের কার্যালয় খোলায় সরকারের সায় নেই: ফখরুল

 

কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খুলছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এসব কার্যালয় খোলার ক্ষেত্রে সরকারের কোনো সায় নেই। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগ খতিয়ে দেখবে বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম তিনি দলীয় কার্যালয়ে যান।

এ সময় দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া-র স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, এই কার্যালয়েই তার সঙ্গে বহু কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।

আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু আইনগতভাবে দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ, তাই এ ধরনের কার্যক্রমে সরকারের অনুমোদন নেই। আশা প্রকাশ করে তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি যথাযথভাবে দেখবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমান-এর প্রতি জনগণের সমর্থন অব্যাহত থাকবে। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দল ও সরকার আরও সুসংগঠিত ও সফল হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রণালয়ের নির্ধারিত কিছু প্রক্রিয়া সম্পন্ন করার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান তিনি।

এ সময় বিএনপি নেতা মুনির হোসেন ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ