February 23, 2026
Monday, February 23rd, 2026, 3:12 pm

নতুন সরকার তাদের পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক নিয়ম: তাজুল ইসলাম

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মোহাম্মদ তাজুল ইসলাম নবনিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম-কে স্বাগত জানিয়েছেন। সোমবার নিয়োগ বাতিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটরের পরিবর্তন এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে তাজুল ইসলাম বলেন, বিচার কার্যক্রম অব্যাহতভাবে এগিয়ে যাবে। তাঁর ভাষায়, রাজনৈতিক সরকার নতুন দায়িত্ব গ্রহণ করলে স্বাভাবিকভাবেই তারা নিজেদের পছন্দনীয় ব্যক্তিদের দায়িত্বে বসায়—এটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন দায়িত্বপ্রাপ্তদের নিজস্ব পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটরের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তাজুল ইসলাম বলেন, তাঁর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা ও শুভকামনা থাকবে। প্রয়োজন হলে পরামর্শ দিতেও তিনি প্রস্তুত আছেন। একই সঙ্গে একজন সাধারণ নাগরিক হিসেবে তাঁর প্রত্যাশা, চলমান বিচার প্রক্রিয়া যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে।

বাংলাদেশে এ ধরনের অপরাধ যেন আর কখনও পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও জোর দেন তিনি। তাজুল ইসলাম বলেন, বিচারের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি হওয়া উচিত, যাতে গুম, বেআইনি আটক, হত্যাকাণ্ড কিংবা পুলিশের নির্বিচার গুলিতে প্রাণহানির মতো ঘটনা আর ফিরে না আসে। “আমরা আর এ ধরনের অপরাধ অ্যাফোর্ড করতে পারব না”—এ মন্তব্য করে তিনি বলেন, এমন দিন আর দেখতে চান না। এ লক্ষ্যেই সবাই মিলে কাজ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

নিজের সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাজুল ইসলাম। তিনি বলেন, তাঁর টিমমেট ও তদন্ত সংস্থার সদস্যরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছেন, এতে তিনি সন্তুষ্ট।

এনএনবাংলা/পিএইচ