বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে নয়, বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে। সকালে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয় খোলা এবং ‘জুলাই গণহত্যার’ সঙ্গে জড়িতদের দেশে ফেরা নিয়ে বিএনপির অবস্থান কী— এমন প্রশ্নের জবাবে মঈন খান বলেন, দলের অবস্থান স্পষ্ট। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর হামলার রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিবাদের পতাকা উঁচু করেছিলেন। বিএনপি সেই আদর্শেই বিশ্বাসী এবং বহুদলীয় গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থার পক্ষে কাজ করে যাবে।
তিনি বলেন, “বিএনপি একদলীয় বাকশাল শাসনে বিশ্বাস করে না। আওয়ামী লীগ যে ধ্যান-ধারণা বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছিল, বিএনপি তা সমর্থন করে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।”
বিএনপিকে একটি উদারনৈতিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, “আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না— এ কথা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী।”
মঈন খান আরও বলেন, “বাংলাদেশের গণতন্ত্র আমরা বারবার ফিরিয়ে এনেছি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে বিপ্লব হয়েছে, তার ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্র ও স্বাধীনতা আমরা রক্ষা করব।”
রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।
এ সময় নরসিংদী-১ আসনের সাংসদ খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের মনজুর এলাহী, নরসিংদী-৪ আসনের সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্যমন্ত্রী) এবং নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিনকে নিয়ে জিয়া উদ্যানে উপস্থিত হন নরসিংদী-২ আসনের সাংসদ মঈন খান।
এনএনবাংলা/


আরও পড়ুন
আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস ফের চালু
প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার স্কুলছাত্র
জাতি অবুঝ নয়, রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমির