February 24, 2026
Tuesday, February 24th, 2026, 8:17 pm

স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী স্ট্রোকের পর দীর্ঘদিন চিকিৎসাধীন। তার চিকিৎসা খরচ মেটাতে স্বামী অভিনেতা প্রাণ রায় তার শখের প্রাইভেটকারটি বিক্রি করেছেন। বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় ৮,০০০ টাকা ব্যয় হচ্ছে।

গত বছরের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়লে কাকলীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। দুই মাস চিকিৎসা শেষে কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মিরপুরের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP)-এ চিকিৎসাধীন।

প্রাণ রায় জানান, স্ট্রোকের কারণে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। নিয়মিত তিনটি থেরাপি চলছে। তবে কিছুটা উন্নতি দেখা দিয়েছে—তিনি নিজ হাতে খেতে পারছেন এবং সহায়তায় বসতে পারছেন।

চিকিৎসা খরচ সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন, কিন্তু নিজের কাজ প্রায় বন্ধ হওয়ায় আর্থিক চাপ বেড়েছে। প্রয়োজনে সরকারের সহযোগিতাও চাওয়ার কথা ভাবছেন তিনি।

অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া পাননি বলে অভিযোগ করেছেন প্রাণ রায়।

শাহনেওয়াজ কাকলী ২০১২ সালে ‘উত্তরের সুর’ চলচ্চিত্র পরিচালনা করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ছবিটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এনএনবাংলা/