February 25, 2026
Wednesday, February 25th, 2026, 1:02 pm

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

 

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট–কে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১০ মাসের কারাভোগ করতে হবে। পাশাপাশি মানি লন্ডারিংয়ের অপরাধে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, দুটি সাজা পরপর কার্যকর হবে। ফলে তার মোট কারাদণ্ড দাঁড়িয়েছে ২০ বছর।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, সম্রাট ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরে ২০২২ সালের ২২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

আদালত সূত্রে আরও জানা গেছে, সম্রাট পলাতক থাকায় তার আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়নি। গত ২ ফেব্রুয়ারি মামলার ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

এর আগে, ২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনোবিরোধী অভিযানের সময় কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ইয়াবা, বিদেশি মদ, ক্যাঙ্গারুর চামড়া ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়। ওই ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাদক ও অস্ত্র আইনে ঢাকার রমনা থানায় তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ১৭ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। একইসঙ্গে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে আদালত দুই ধারার সাজা কার্যকর ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।

এনএনবাংলা/পিএইচ