ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে পরিবর্তনের পরদিনই তার সরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি স্বাক্ষরিত অব্যাহতিপত্র পুলিশ সদর দপ্তরে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিডি) মোহাম্মদ তালেবুর রহমান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয়। অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনী পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন শেখ সাজ্জাত আলী। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তিনি ঝিনাইদহ, পুলিশ হেডকোয়ার্টার্স ও এসবিতে দায়িত্ব পালন করেন। পরে উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে এবং পুলিশ সুপার হিসেবে নড়াইল, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্বে ছিলেন।
ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর তিনি হাইওয়ে পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৩ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সে সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
১৯৬১ সালের ২৫ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন শেখ সাজ্জাত আলী। তার পিতা শেখ ওয়াজেদ আলী এবং মাতা নুরজাহান বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আরও পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আহসান মনসুরের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান