বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন আনা হয়েছে। ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আলাদা প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৩ আগস্ট, ২০২৪ তারিখের ৫৩.০০.০০০০.৩১১.১১.০১৬.১৭-৬০ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগকৃত ড. আহসান এইচ মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো।’
পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মো. মোস্তাকুর রহমান এফসিএমএকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি হেরা স্যুয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। হেরা স্যুয়েটার্স নারায়ণগঞ্জে অবস্থিত একটি পরিবেশবান্ধব কারখানা। মো. মোস্তাকুর রহমান নানা ব্যবসায়ী সংগঠনের সদস্য। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
এনএনবাংলা/


আরও পড়ুন
ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী
১৫ মার্চের মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে, না দিলে শাস্তি
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প