Thursday, February 26th, 2026, 2:23 am

মিয়ানমারে ৫.১ মাত্রার ভূমিকম্প, ঢাকায় মৃদু কম্পন অনুভূত

 

মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশেও মৃদুভাবে অনুভূত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা দুলুনি টের পাওয়ার কথা জানিয়েছেন অনেকে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইউটিসি সময় ১৬টা ৫১ মিনিট ৪৮ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ২৩.০৩১ অক্ষাংশ ও ৯৪.৭৪৪ দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০১ কিলোমিটার গভীরতায় কম্পনটির সৃষ্টি হয়।

ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মোনইয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহরের প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতায় উৎপত্তি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মার্কিন স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে (ইউটিসি+০৬:০০) ভূমিকম্পটি রেকর্ড করা হয়। তাদের তথ্যানুযায়ী, কম্পনের কেন্দ্র ছিল মাওলাইকের প্রায় ৮৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে (২২.৯৯৯° উত্তর অক্ষাংশ ও ৯৪.৮২৭° পূর্ব দ্রাঘিমাংশে)। গভীরতা ছিল প্রায় ১২৯ দশমিক ৭ কিলোমিটার।

রাজধানী ঢাকায় কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভূমিকম্পের উৎস ও উপাত্ত এখনো সিসমোলজিস্টদের চূড়ান্ত পর্যালোচনার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ইএমএসসি।

এনএনবাংলা/