ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর ভাগনি ও শেখ রেহানা–র মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–কে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি তদন্তের জন্য ইতোমধ্যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১ রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গ্রহণ করেন।
তদন্তে আরও বলা হয়েছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকায় সম্পত্তিটি হস্তান্তরযোগ্য ছিল না। বিষয়টি অবগত থাকা সত্ত্বেও তিনি তাঁর খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সুবাদে এবং প্রধানমন্ত্রীর ভাগনি হিসেবে দলীয় প্রভাব ব্যবহার করেন। একই সঙ্গে রাজউকের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্বে থেকে সংশ্লিষ্ট আইন কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিষ্ঠানটিকে আমমোক্তার অনুমোদন ও ফ্ল্যাট বিক্রির অনুমতি পাইয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, অবৈধ সুবিধা আদান-প্রদানের মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং মামলার প্রমাণ নষ্টের চেষ্টা করছেন। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় গ্রেপ্তারের স্বার্থে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন
পাকিস্তানে একের পর এক অতর্কিত হামলা-অভিযান, পুলিশসহ নিহত ৪৫
হাজারীবাগে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, মূল অভিযুক্ত আটক