জাতিসংঘ সাধারণ পরিষদ–এর ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ বেশ কয়েকটি মুসলিম দেশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)–এর জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে এ সমর্থনের আশ্বাস দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেদ্দায় ফিলিস্তিনবিষয়ক ওআইসির জরুরি বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওআইসি প্রতিনিধিদলগুলোর নেতারা বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাপক বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অবস্থানের প্রশংসাও করেন তারা।
নেতৃবৃন্দ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
গত বছরের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের বৈঠকের কথা স্মরণ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশায় রয়েছেন।
এদিকে ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এনএনবাংলা/


আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন—‘আপনি রোজা রাখেন?’ জুমার পর মসজিদ প্রাঙ্গণে হাস্যোজ্জ্বল মুহূর্ত
ইফতারের পর অ্যাসিডিটি, ঘরোয়া ৫ উপায়ে মিলবে স্বস্তি
শিশুসহ ৩ কিশোরী নির্যাতন-ধর্ষণের পর হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির