ইরান–এর রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলও তেহরানে বিস্ফোরণের খবর প্রচার করেছে, তবে হামলার বিস্তারিত বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি। মার্কিন সংবাদমাধ্যম The Washington Post সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সতর্কতামূলক সাইরেনও বাজানো হয়েছে। এক বিবৃতিতে Israel Defense Forces (আইডিএফ) জানায়, ইসরায়েলের দিকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় জনগণকে প্রস্তুত করতে সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজানো হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তেহরানের কেন্দ্রীয় এলাকার বিভিন্ন ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
আরেক মার্কিন সংবাদমাধ্যম Associated Press–এর এক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর দপ্তরের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।
সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইসরায়েলের দিকে ইরানের পাল্টা মিসাইল নিক্ষেপ শুরু
‘মার্কিন জনগণকে রক্ষা করতে ইরানে সামরিক অভিযান শুরু’: ট্রাম্প
বায়তুল মোকাররমের পাশ থেকে কাটা হাত-পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়