February 28, 2026
Saturday, February 28th, 2026, 1:41 pm

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

 

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদি ও নাতনিকে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। দাদিকে বাড়ির উঠানে হত্যা করার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পৃথক স্থান থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায়। নিহতরা হলেন ওই এলাকার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত মধ্যরাতে হঠাৎ কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বের হন। কিছু সময় পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কাছের সরিষা ক্ষেতে জামিলা আক্তারের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় তার আরেক মেয়ের বাসায় অবস্থান করছিলেন।

নিহতের স্বজন সোহেল রানা দাবি করেন, রাতে দুর্বৃত্তরা জামিলাকে ধর্ষণের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। দাদি বিষয়টি টের পেয়ে গেলে তাকে হত্যা করা হয়। পরে জামিলাকে অপহরণ করে সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএনবাংলা/পিএইচ