মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ইরানে সামরিক অভিযান শুরু করার কথা ঘোষণা করেছেন। আট মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানি প্রশাসনের আসন্ন হুমকি রুখে যুক্তরাষ্ট্রের জনগণকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র এবং আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষায় এই ভয়ংকর ও উগ্র স্বৈরতন্ত্রের হুমকি মোকাবিলায় মার্কিন সামরিক বাহিনী একটি বড় অভিযান শুরু করেছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্পকে সম্পূর্ণরূপে বিনষ্ট করব।
ইরানকে ‘নিষ্ঠুর ও ভয়ংকর গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রসহ বিদেশে মোতায়েন মার্কিন সেনা, সামরিক ঘাঁটি এবং মিত্র দেশগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বলেন, গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় আমাদের বোমা হামলার পরও তারা আবার তাদের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করতে চাচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানোর প্রতিটি সুযোগ তারা প্রত্যাখ্যান করেছে। আমরা আর এটি মেনে নিতে পারছি না।
তিনি আরও অভিযোগ করেন, গত ৪৭ বছর ধরে ইরান ‘আমেরিকার মৃত্যু চাই’ শ্লোগান দিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘রক্তপাত ও গণহত্যার রাজনীতি’ চালাচ্ছে।
ট্রাম্প এই অভিযানকালে সম্ভাব্য হতাহতের কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, ইরানি প্রশাসন হত্যাকাণ্ড চালাতে পারে। আমাদের অনেক সাহসী মার্কিন সেনার জীবন ঝুঁকিতে থাকতে পারে, আমরাও হতাহতের শিকার হতে পারি। তবে আমরা শুধুমাত্র বর্তমানের কথা ভেবে এই পদক্ষেপ নেইনি, এটি একটি মহৎ মিশন, ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে।
পরিশেষে ট্রাম্প আশ্বাস দেন, এই অঞ্চলে মোতায়েন আমাদের সেনাদের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
নেপালে শুটিংয়ে অভিনেতা জাহের আলভী, ঢাকায় আত্মহত্যা করলেন স্ত্রী ইকরা
মধ্যপ্রাচ্যেও উত্তেজনা: আবুধাবিসহ উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা চলবে, লক্ষ্য সরকার পতন