জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মতিয়ার রহমান মিন্টু উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় বাইসাইকেলে থাকা মতিয়ার রহমান মিন্টুকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয় এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫ টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৭ দশমিক ৭২ গ্রাম অর্থাৎ ৫০ ভরি ০৬ আনা ০১ রতি। এসবের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২২৫ টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি পুরাতন বাইসাইকেল ও নগদ ১ হাজার ৫০৬ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ভারতে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


আরও পড়ুন
কালকিনিতে অগ্নিকান্ডে বিএনপি নেতার মুরগির ফার্ম-ফল বাগান পুড়ে ছাই
কুলাউড়ায় ১৫ অস্বচ্ছল নারী পেলেন সেলাই মেশিন উপহার
র্যাব ১৩ এর অভিযানে ধর্ষক গ্রেফতার