সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে তাকে স্বাগত জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা।
সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই একত্রিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ অকাতারে জীবন দিয়েছে। অনেকেই অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন।
তারেক রহমান বলেন, অসংখ্য আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
তিনি আরও বলেন, হাজারো মানুষের ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তা অর্থবহ করতে হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ এখন রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে—তাই তাদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারপ্রধান বলেন, মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জড়িত। আল্লাহর নামে শপথ নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি-সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কোন দেশের কী প্রতিক্রিয়া
ইরানে হামলা, নিরাপদ স্থানে সরানো হয়েছে আয়াতুল্লাহ খামেনিকে