রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন। রোববার তিনি এক বিবৃতিতে বলেন, খামেনির মৃত্যু একটি নৃশংস হত্যাকাণ্ড এবং এটি মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ ও আন্তর্জাতিক আইনের কঠোর লঙ্ঘন। এই তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি।
পুতিন আরও বলেন, এই ঘটনাটি ইরানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি একটি হুমকি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিতে এটি অত্যন্ত উদ্বেগজনক।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও খামেনির হত্যাকাণ্ডকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
পেজেশকিয়ান আরও বলেছেন, এ ধরনের হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণার সমতুল্য। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান এই হামলার জন্য ভয়াবহ প্রতিশোধ গ্রহণ করবে।
তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ অধিকার এবং দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
সূত্র: এএফপি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮
গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনায় তদন্তের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী