লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ-এর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। একই সঙ্গে সংগঠনটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানী বৈরুত-এর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে গতকাল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাওয়াফ সালাম জানান, এখন থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সব ধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, বৈধ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে কোনো সামরিক অভিযান পরিচালনার সুযোগ আর থাকবে না। যুদ্ধ ও শান্তি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কেবল রাষ্ট্রই নেবে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ ছয়টি শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের সূচনা হয়। এর পরদিন ১ মার্চ থেকে ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে হিজবুল্লাহ।
২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর এটিই ছিল হিজবুল্লাহর প্রথম সামরিক পদক্ষেপ।
তবে ওই দিনই হিজবুল্লাহর হামলাকে ‘দায়িত্বহীন’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।
সূত্র : এএফপি
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ
বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
অভিনন্দন সংবলিত ব্যানার-ফেস্টুন দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর