রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও ব্যানারে নিজের ছবি সম্বলিত অভিনন্দনমূলক বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সম্বলিত একটি ব্যানার দেখতে পান প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে সেটি অপসারণের নির্দেশ দেন এবং তা তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি কোম্পানি প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে অভিনন্দনমূলক বিজ্ঞাপন প্রদর্শন করছে—এসব বিলবোর্ড ও এলইডি স্ক্রিন দ্রুত সরিয়ে ফেলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিজয় সরণী দিয়ে যাওয়ার সময় একটি এলইডি পর্দায় তার ছবি ভেসে উঠতে দেখেও অপসারণের নির্দেশ দিয়েছিলেন তিনি।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে দিনের কার্যক্রম শুরু করেন। এদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
সাক্ষাৎকালে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঢাকা পলিটেকনিকে মধ্যরাতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, দিনে বিক্ষোভ
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট
মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫-এর বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়