তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একটি হলে ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানটির লতিফ ছাত্রাবাসে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, “হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে।”
রাতের সংঘর্ষের জেরে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাস এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবির পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে।
পুলিশ জানায়, বেলা ১২টার দিকে ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে দুপুর সোয়া ৩টার দিকে ছাত্রদল ক্যাম্পাস এলাকা ও সামনের সড়কে মিছিল বের করে।
ওসি মাহমুদুর রহমান বলেন, “প্রতিষ্ঠানটির ছাত্রদলের প্রায় ২০০ শিক্ষার্থী সাত রাস্তা থেকে মিছিল নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষিণ গেইটে এসে বিকাল ৪টার দিকে কর্মসূচি শেষ করে।”
মিছিলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো. হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
দক্ষিণ গেইটে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ছাত্রশিবির হামলা চালিয়েছে। হামলার ‘সুষ্ঠু বিচার’ না হলে ‘কঠোর কর্মসূচি’ ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। তবে রাতের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
এনএনবাংলা/


আরও পড়ুন
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে বিশেষ ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট
মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫-এর বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়