গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে, আমরা সেগুলোতেই হামলা চালিয়েছি। তিনি জানান, মার্কিন বি-১ ও বি-২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান পরিচালনা করে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।
তিনি আরও দাবি করেন, গত কয়েক দশক ধরে এই তিনটি জলসীমায় বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানি করে আসছিল ইরান। তবে সাম্প্রতিক অভিযানের পর সেখানে এখন আর কোনো ইরানি জাহাজ নেই বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’তে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা ও দুই শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার এক্সে দেওয়া আরেক বার্তায় অ্যাডমিরাল কুপার জানান, গত চার দিনে ইরানের দুই হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।
সূত্র : সিএনএন
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা
ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তি পুরোপুরি নেতিবাচক নয়: বাণিজ্যমন্ত্রী