অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যে নির্বাচন প্রকৌশল (ইলেকশন ইঞ্জিনিয়ারিং)-এর প্রমাণ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে বিগত সরকারের ভেতর থেকেই নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। তার অভিযোগ, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওই সময় লন্ডনকেন্দ্রিক ষড়যন্ত্রের অন্যতম মূল হোতা ছিলেন।
তিনি আরও বলেন, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের সময় নির্বাচন প্রকৌশলের অভিযোগের সত্যতা স্পষ্ট হয়ে উঠেছে। এ বিষয়ে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে বলেও দাবি জানান তিনি।
ডা. তাহেরের অভিযোগ, সাবেক এসব উপদেষ্টা জাতির সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাকে নষ্ট করে দিয়েছেন।
গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে বিভিন্নভাবে জনগণের স্বার্থের বিপক্ষে অবস্থান নিচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: রেড ক্রিসেন্ট
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট
আন্দোলনরত আমানতকারীদের ওপর জলকামান নিক্ষেপ