আমানতের অর্থ ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন কয়েকটি ইসলামী ধারার ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর শাপলা চত্বর এলাকায় তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। একপর্যায়ে সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ব্যবহার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে আমানতকারীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আমানতের অর্থ ফেরতের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা শাপলা চত্বরের প্রধান সড়কে অবস্থান নিলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।
আন্দোলনকারীদের দাবি, একীভূত করার সিদ্ধান্ত নেওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে তাদের জমাকৃত অর্থ তুলতে পারছেন না। ব্যাংকগুলো হলো— ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এসব ব্যাংককে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা জানান, ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর মাত্র ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ‘হেয়ার কাট’ নামে পরিচিত। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে আমানতকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক গভর্নরের নেওয়া এই সিদ্ধান্ত অমানবিক ও অন্যায্য। অনেক আমানতকারী এখনো তাদের মূলধন ও মুনাফার অর্থ তুলতে পারছেন না, যার ফলে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে।
বিক্ষোভকারীরা ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিল করে মুনাফাসহ পুরো আমানতের অর্থ ফেরত দেওয়া এবং ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন চালুর দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ২৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান
ইরান যুদ্ধে মার্কিন বাহিনীকে ‘১০-এ ১৫’ দিলেন ট্রাম্প
খালেদা জিয়াসহ ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান