মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে ইরান, ইরাক, কুয়েতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে। ফলে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ মার্চ) দেশি-বিদেশি ৩৪টি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মোট ২১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেবিচকের পরিসংখ্যান অনুযায়ী, আকাশপথ বন্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিলের তালিকায় যুক্ত হয়।
৫ মার্চ বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং শারজাহভিত্তিক এয়ার অ্যারাবিয়ার ১০টি ফ্লাইট। এছাড়া এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই এবং দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ফ্লাইটও বাতিল হয়েছে।
এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বাতিল থাকবে।
মধ্যপ্রাচ্যের ইরান, ইরাক, বাহরাইন ও জর্ডানের মতো দেশগুলো তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় বিকল্প পথে ফ্লাইট পরিচালনার সুযোগও সীমিত হয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার প্রবাসী শ্রমিক ও সাধারণ যাত্রী বিমানবন্দরে এসে চরম অনিশ্চয়তার মুখে পড়ছেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২৩১
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ সরকারি প্রতিনিধি
ইরানের পক্ষে স্লোগান দেওয়ায় হাত ভাঙল মার্কিন সিনেটর প্রার্থীর