ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরানও সেসব দেশের বিরুদ্ধে আর কোনো আক্রমণ চালাবে না। দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান এ তথ্য জানান।
ভাষণে তিনি বলেন, যদি প্রতিবেশী আরব দেশগুলো থেকে ইরানের ওপর কোনো হামলা না হয়, তাহলে সেসব দেশে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। তিনি আরও বলেন, যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।
পেজেশকিয়ান জানান, “গতকাল (৬ মার্চ) অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না। সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।”
তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, “ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে।”
গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। রাজধানী তেহরানে চালানো ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন।
এরপর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।


আরও পড়ুন
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী