আজ রবিবার (৮ মার্চ), সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য দিনের মতোই সকালবেলা দিনের কাজ শুরু করতে বাড়ি থেকে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে আজকের সকালে তার একটি সংক্ষিপ্ত মন্তব্যে নিয়মিত দৃশ্যপটে খানিকটা ভিন্নতা দেখা যায়।
বাড়ির দরজা খুলে উপস্থিত সবার দিকে মুচকি হেসে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’ প্রধানমন্ত্রীর মুখে তিন শব্দের এই কথা শুনে মুহূর্তের জন্য সেখানে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তারা কিছুটা হতচকিত হয়ে পড়েন। পরে তারা বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব ও প্রতিদিনের চ্যালেঞ্জকে রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। সংক্ষিপ্ত এই বক্তব্যের মধ্য দিয়েই দেশ গঠনে প্রতিদিনের সংগ্রামের ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে তখন উপস্থিত ছিলেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকাল ৮টা ৪২ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তারা আগে থেকেই প্রস্তুত ছিলেন। তারা অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর বের হওয়ার জন্য। ঠিক সেই সময় দরজা খুলে হাস্যোজ্জ্বল মুখে সবার উদ্দেশে তিনি বলেন, ‘চলেন যুদ্ধে যাই।’
আতিকুর রহমান রুমন আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের সূচি অনুযায়ী আজ তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ড–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী–এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও দিনের কর্মসূচিতে আরও কয়েকটি বৈঠক নির্ধারিত আছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ
রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে ওমান ও রাশিয়ায়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা আগামীকাল, পরীক্ষার্থী সাড়ে ৪ লাখ