২৬ মার্চ জাতীয় দিবস উপলক্ষে এবারের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, দেশের বর্তমান জ্বালানি সংকট এবং কৃচ্ছ্রসাধনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রতি বছর ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে ফুয়েল সংকট না ছড়িয়ে দেশব্যাপী আলোকসজ্জা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেছি।”
তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। ধর্ম মন্ত্রণালয় এ ক্ষেত্রে ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান লিড মিনিস্ট্রি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সব বিষয় দেখাশোনা করবে, বলেন তিনি।
২৬ মার্চ সকালে সাভার স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনরা পুষ্পমাল্য অর্পণ করবেন। মন্ত্রী জানান, এ কার্যক্রম যাতে নিরাপদ ও সহজভাবে সম্পন্ন হয়, তার জন্য সব ধরনের সমন্বয় করা হয়েছে।
ঈদের আগে দেশের যাতায়াত ও শ্রমিক আন্দোলনের বিষয়ে মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস নিয়ে ঈদের আগে সমস্ত প্রতিষ্ঠান যথাসম্ভব পরিশোধ নিশ্চিত করবে। সরকারের এবং ব্যাংকিং সেক্টরের সহযোগিতা থাকবে। কিছু গার্মেন্টসে যদি সমস্যা থাকে, তা আগেভাগেই সমাধান করতে বলা হয়েছে।
মোবিলাইজড ক্রাইম বা ‘মব’ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মব এবং সাধারণ স্পট ক্রাইম এক নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনায় ইতিমধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত করার বিষয়ে আমরা দৃঢ়। সব ধরনের সহিংসতা প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরানকে হামলা না চালাতে বলেছে সৌদি আরব, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা: জুবাইদা রহমান
লেবাননে ইসরাইলি হামলায় ৪১ জন নিহত