মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে জেলা প্রশাসকদের অবহিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করতে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেল বিক্রির নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।
তবে সরকারের নজরে এসেছে, কিছু পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি, অতিরিক্ত মজুদ, খোলা বাজারে বিক্রি এবং পাচারের প্রবণতা দেখা যাচ্ছে।
এ কারণে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ এবং পাচার প্রতিরোধে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
রোববার তেজগাঁও ও মহাখালী এলাকার কয়েকটি ফিলিং স্টেশন পরিদর্শনে দেখা যায়, কিছু পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও কয়েকটিতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রয়েছে।
অভিযানে তেজগাঁওয়ের ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন এবং মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি চলতে দেখা গেছে। অন্যদিকে তেজগাঁওয়ের সিটি ফিলিং স্টেশন, আরএস এন্টারপ্রাইজ ও রয়েল ফিলিং স্টেশন এবং মহাখালীর তশোফা ফিলিং স্টেশন জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে ‘ড্রাই’ অবস্থায় ছিল।
এ ছাড়া মহাখালীর সোহাগ ফিলিং স্টেশনে প্রায় ৩ হাজার ৫০০ লিটার অকটেন মজুদ থাকার তথ্য পাওয়া যায়। পরিমাপ শেষে সেখানে পুনরায় বিক্রি চালুর অনুমতি দেওয়া হয়। তবে পাম্পটিতে বিপিসির প্রেস বিজ্ঞপ্তি টানানো ছিল না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ইরানকে নিয়মিত সহযোগিতা করছে রাশিয়া: আরাকচি
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার