ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। একপর্যায়ে এই দাম ১০৮ ডলার পর্যন্ত উঠে যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতির প্রভাবেই তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
রবিবার ট্রেডিং ইকোনমিকসের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে।
শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জে লেনদেন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ দশমিক ১৯ ডলারে পৌঁছে যায়। যা গত শুক্রবারের সমাপনী মূল্য ৯২ দশমিক ৬৯ ডলারের তুলনায় প্রায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে ১০৭ দশমিক ০৬ ডলারে, যেখানে গত শুক্রবার এর দাম ছিল ৯০ দশমিক ৯০ ডলার। অর্থাৎ এই তেলের দাম বেড়েছে প্রায় ১৬ দশমিক ২ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে লেনদেন চলমান থাকায় তেলের দাম সামনে আরও বাড়তে বা কমতে পারে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব