মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী চীন। তবে বাংলাদেশ কী ধরনের জ্বালানি সহায়তা চায়, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বেইজিং।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চীনা রাষ্ট্রদূত।
বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান ইয়াও ওয়েন।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প নতুন সরকার ও চীনের অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এ প্রকল্পে দ্রুত কাজ শুরুর বিষয়ে উভয় পক্ষ আশাবাদী। পাশাপাশি নতুন ঋণ সুবিধা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন সরকার গঠনের প্রথম তিন সপ্তাহেই চীনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
এনএনবাংলা/


আরও পড়ুন
হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের
জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি ডিআইজির, অস্ত্র উদ্ধার, আটক ১৫
দেশের সব মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত