এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানের কাছে ৪–০ গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
এই হারের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে যায় বাংলাদেশের। ফলে শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে দলকে।
আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে দল সাজান প্রধান কোচ পিটার বাটলার। তবে শুরু থেকেই উজবেকিস্তানের আক্রমণের মুখে পড়ে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকে একাধিক আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক মিলি আক্তার।
একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় হলুদ কার্ডও দেখেন তিনি।
ম্যাচের ১০ মিনিটে দলীয় আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে উজবেকিস্তানকে এগিয়ে দেন ফরোয়ার্ড দিয়োরাখোন খাবিবুল্লায়েভা। এরপরও একাধিক আক্রমণ সামলাতে হয় বাংলাদেশকে। ২৩ মিনিটে মারিয়া মান্দার দারুণ এক ট্যাকেলে নিশ্চিত গোল থেকে বাঁচে দল।
প্রথমার্ধে গোল শোধের দুটি ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ঋতুপর্ণা চাকমার শক্তিশালী শট ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। আর ৪২ মিনিটে তহুরা খাতুনের তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি কিসকু। ফলে ১–০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর সমতায় ফেরার লক্ষ্য নিয়ে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। কিন্তু গোল না পেয়ে উল্টো ক্লান্তির সুযোগ নেয় উজবেকিস্তান।
৬২ মিনিটে উমিদা জোইরোভার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড দিলদোরা নোজিমোভা। চার মিনিট পর আবারও গোল করে দলের ব্যবধান ৩–০ করেন তিনি।
৭০ মিনিটে উজবেকিস্তান আরেকটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সাহায্যে সেটি বাতিল করেন রেফারি।
ম্যাচের শেষ দিকে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। উল্টো ৮৮ মিনিটে নিলুফার কুদ্রাতোভার গোল করে ব্যবধান ৪–০ করেন। তার নেওয়া শট ঠেকাতে চেষ্টা করেও ব্যর্থ হন গোলরক্ষক মিলি।
শেষ পর্যন্ত বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই পরাজয়ের মধ্য দিয়েই এএফসি নারী এশিয়ান কাপ মিশন শেষ করল লাল-সবুজের দল।
এনএনবাংলা/


আরও পড়ুন
রহস্য আর উত্তেজনায় ভরপুর ‘দম’–এর ফার্স্ট লুক
তেল সংকটে স্বস্তি দিতে এলো ‘তেল কই’ অ্যাপ
জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠার দাবি ডিআইজির, অস্ত্র উদ্ধার, আটক ১৫