দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যেই বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও হট্টগোল। যদিও কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। তবুও ‘প্যানিক বায়িং’-এর কারণে অনেক পাম্পে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। প্রয়োজনের সময় তেল না পেয়ে অনেকেই এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ভোগান্তিতে পড়ছেন।
এই ভোগান্তি কমাতেই ‘তেল কই’ নামে একটি নতুন অ্যাপ তৈরি করেছেন তরুণ প্রযুক্তিবিদ সজিব খান। এই অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং সেখানে তেল নেওয়ার জন্য কত বড় লাইন রয়েছে।
ঢাকায় বসবাসকারী সজিব খান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
তিনি জানান, ‘তেল কই’ মূলত একটি ওয়েবভিত্তিক অ্যাপ, যা কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন—যেকোনো ডিভাইস থেকেই ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে পেট্রোল পাম্পের তথ্য আপডেট করতে পারবেন, যাতে অন্যরা সহজেই সঠিক তথ্য পেতে পারেন।
রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাসম্পন্ন এই অ্যাপে ইতোমধ্যে দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখান থেকে জানতে পারবেন কোথায় তেল পাওয়া যাচ্ছে, কোথায় লাইনের ভিড় বেশি, এমনকি কোনো পাম্পে তেল না থাকলেও সেটির নোটিফিকেশন পাওয়া যাবে।
সজিব খান সবাইকে সঠিক তথ্য দিয়ে অ্যাপটিতে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তার আশা, এই উদ্যোগ মানুষের সময় বাঁচাবে এবং অপ্রয়োজনীয় ভোগান্তি অনেকটাই কমাবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ
রহস্য আর উত্তেজনায় ভরপুর ‘দম’–এর ফার্স্ট লুক
হতাশার হারে নারী এশিয়ান কাপ শেষ বাংলাদেশের