Wednesday, March 11th, 2026, 1:01 am

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

 

ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিকসহ তিন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফার হামলা চালিয়েছে আইআরজিসি। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমান ঘাঁটিতে এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনারা।

এছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার এয়ারপোর্টকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।

এনএনবাংলা/