“আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের না, বহু বছরের। তোমাদের অনেকের তখন জন্ম হয় নাই। বাপ-মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই ক্যারিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না”—এভাবে রাজনৈতিক সমালোচকদের সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সরকারবিরোধী স্লোগান দেওয়া প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক জায়গায় দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার আওয়ামী লীগের মতো রাতের ভোটের সরকার।
তিনি আরও বলেন, এই সরকার কোটি মানুষের ভোটে নির্বাচিত। দাবি থাকলে সিস্টেম অনুযায়ী জানাতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে অস্থিতিশীল করতে চায়। রমজান মাসে সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোজা রেখে মিথ্যা বলা, অপপ্রচার চালানো বা গালিগালাজ করা ঠিক নয়।
তিনি বলেন, আচরণে মানুষের বংশ ও মর্যাদা বোঝা যায়। কারও বাবা-মা জামায়াতের রোকন—এমন মন্তব্য তুলে ধরে তিনি বলেন, মাথায় টুপি ও মুখে দাঁড়ি থাকলেই সব সুন্নতি লেবাস হয় না, আচরণেও তার প্রমাণ দিতে হয়।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কেউ যদি রোজা রেখে গালিগালাজ করে তাহলে সেই রোজার মূল্য থাকে কি না তা প্রশ্নসাপেক্ষ। তিনি দাবি করেন, তারা কখনো মিথ্যা বা অপবাদ দিয়ে নিজেদের প্রতিষ্ঠা করতে চাননি।
এ সময় মির্জা আব্বাস বলেন, বিএনপি সরকারের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে এবং ভবিষ্যতে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। তিনি এটিকে দলের ঘোষিত ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের প্রথম ধাপ বলে উল্লেখ করেন।
ইফতার মাহফিলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ আরও অনেকে।
এনএনবাংলা/


আরও পড়ুন
মাদারীপুরে হত্যাকাণ্ডের জেরে হাতবোমা বিস্ফোরণ ঘাটিয়ে ৪০ বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাট
জ্বালানি সংকটে কমেছে দূরপাল্লার বাসের ট্রিপ, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা
থ্রেডস অব সেলিব্রেশন-ঈদে টুয়েলভের নকশায় নতুন উৎসবের সংজ্ঞা