Wednesday, March 11th, 2026, 12:51 pm

ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা

 

মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান, যেখানে লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলি ও মার্কিন স্থাপনাগুলোকে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে এটিই ছিল ইরানের চালানো সবচেয়ে তীব্র ও শক্তিশালী হামলা। জানা গেছে, গত কয়েক ঘণ্টার মধ্যেই এই দফার হামলা পরিচালিত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করতে পেরেছে। তবে পরবর্তীতে এক নির্দেশনায় জানানো হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র (শেল্টার) থেকে বেরিয়ে আসতে পারেন।

অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই ভূপাতিত করা হয়েছে।

তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠিক কোথা থেকে কিংবা কার পক্ষ থেকে ছোড়া হয়েছে—এ বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নির্দিষ্ট করে কিছু জানায়নি।

এদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত।

অপরদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকায় বিকট বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে।

সূত্র : বিবিসি।

এনএনবাংলা/পিএইচ