মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর সরাসরি প্রভাব পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ফ্লাইটের ওপর। গত ১১ দিনে বিভিন্ন এয়ারলাইন্সকে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১১ মার্চ পর্যন্ত এই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এর মধ্যে শুধু গতকাল মধ্যরাতের পর থেকেই বাতিল করা হয়েছে ২৪টি ফ্লাইট।
বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে—কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে এই ১১ দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১টি।
তবে মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুরোপুরি বন্ধ না থাকায় সীমিত পরিসরে কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৩৬৪টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল।
এর মধ্যে গতকাল মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল। আমিরাতগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাইয়ে ৫টি, আবুধাবিতে ১টি এবং শারজাহয় ৬টি ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। তাই যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি
ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা