রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ কিছুটা বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতদিন গড় বিক্রয়ের তুলনায় ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও এখন সেই কমানোর হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিসি।
বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনার ভিত্তিতে দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয়ের তুলনায় পূর্বের ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ সঠিকভাবে নিশ্চিত করতে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সম্ভাব্য দীর্ঘমেয়াদি জ্বালানি সংকট এড়াতে সরকার গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি শুরু করে। এ ঘোষণার পর আতঙ্কে অনেকেই যানবাহনের জন্য তেল নিতে পাম্পে ভিড় করেন। ফলে বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
তবে সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক
সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের
সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক