ইরানের সাধারণ জনগণকে বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করার সরাসরি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই আহ্বানকে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরান পুলিশ। তারা জানিয়েছে, বিদেশি উসকানিতে সাড়া দিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ‘দেশের শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে।
গত কয়েকদিন ধরেই ট্রাম্প ও নেতানিয়াহু ধারাবাহিকভাবে ইরানের জনগণকে সরকারবিরোধী আন্দোলনে নামার জন্য আহ্বান জানিয়ে আসছেন। বিশেষ করে গত মঙ্গলবার একদিনেই দুইবার ভিডিও বার্তার মাধ্যমে ইরানিদের বিদ্রোহে নামার উসকানি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
এই প্রেক্ষাপটে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা-রাদান ।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুদের প্ররোচনায় এ মুহূর্তে কেউ রাস্তায় নামলে তাকে সাধারণ বিক্ষোভকারী হিসেবে নয়, বরং রাষ্ট্রের শত্রু হিসেবে গণ্য করা হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, বিদেশি শক্তির ইন্ধনে যারা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পর্যবেক্ষকদের ধারণা, তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতেই ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে এই ধরনের প্রচারণা চালাচ্ছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
পেট্রোল পাম্পে নিরাপত্তা না দিলে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
অভিযোগ প্রমাণিত হলে প্রসিকিউটরদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
দুবাই বিমানবন্দর লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪