Thursday, March 12th, 2026, 1:16 pm

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশন পরিচালনা করেন সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনীত প্রার্থী ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলেও জানান সভাপতি।

এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান তিনি। নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করলে সেটি সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম।

অন্যদিকে ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন জমা পড়ে বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। এই পদে মনোনীত হন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনিও এ দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন বলে জানান সভাপতি।

পরে সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ডেপুটি স্পিকার পদে প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। সংসদে প্রস্তাবটি পেশ করা হলে ‘হ্যাঁ’ ভোটে তা গৃহীত হয়।

এনএনবাংলা/পিএইচ