Thursday, March 12th, 2026, 2:22 pm

ভোটের ফল চ্যালেঞ্জ করেছেন গোলাম পরওয়ার

 

বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিলের আবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে বুধবার (১১ মার্চ) তিনি আদালতে আবেদনটি দাখিল করেন।

খুলনা-৫ আসনে নির্বাচনে বিজয়ী হন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগর। তবে নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান মিয়া গোলাম পরওয়ার।

এর আগে বিভিন্ন আসনের ৩০ জনের বেশি প্রার্থী একই ধরনের অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিলেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) এর ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো অনিয়ম বা কারচুপির অভিযোগ থাকলে হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনি আবেদন’ করার সুযোগ রয়েছে। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের নিয়মিত শুনানি চলছে।

অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নির্বাচনি ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আসনের ফলাফল বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবে।

এনএনবাংলা/পিএইচ