Thursday, March 12th, 2026, 4:13 pm

কুলাউড়ায় রেস্টুরেন্ট ও সুপারশপে যৌথ অভিযান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও সুপারশপে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে বাসি তেল ব্যবহার, পচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পেয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা এবং শিক্ষা ও কল্যাণ শাখা) মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কয়েকটি রেস্টুরেন্ট ও সুপারশপে খাবারের মান, সংরক্ষণ পদ্ধতি এবং রান্নাঘরের পরিবেশ পরীক্ষা করা হয়।

অভিযান চলাকালে একাধিক রেস্টুরেন্টে বাসি তেল ব্যবহার, পচা ও বাসি খাবার সংরক্ষণ এবং একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একসঙ্গে রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর বলে দেখা যায়।

এসব অনিয়মের দায়ে তিনটি  প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন জানান, রমজান মাসে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং রমজানের পরেও তা অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি আরও জোরদার করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযানে র‍্যাব-৯ এর কমান্ডার আরিফুর রহমানের  নেতৃত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি চৌকস দল অংশ নেয়। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং যারা খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও বাজার ও খাদ্য প্রতিষ্ঠানে নজরদারি অব্যাহত থাকবে।