পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ট্রেনযাত্রা নির্বিঘ্ন হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদের সময় শেষ মুহূর্তে ট্রেনের ছাদে বা অননুমোদিতভাবে যাত্রী ওঠা বন্ধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ঈদযাত্রার শুরুতেই স্টেশনগুলোতে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, সে জন্য রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রী জানান, ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত ধাপে ধাপে ঈদযাত্রার অগ্রিম টিকিট অনলাইনে ছাড়া হয়। এ সময়ে প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ঈদযাত্রার প্রথম দিন সকাল পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই ছেড়েছে। মাত্র দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে যাত্রা শুরু করেছে।
রেলমন্ত্রী আরও বলেন, স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পাওয়া গেছে। যদিও কেউ কেউ ভবিষ্যতে এই সেবার মান ধরে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, যাত্রীসেবার মান বজায় রাখতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ চেষ্টা করবে এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা হবে।
ঈদের সময় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে ট্রেনে কোচও বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মিটারগেজ ট্রেনে ১২৪টি এবং ব্রডগেজ ট্রেনে আরও প্রায় ১৪টি কোচ যুক্ত করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪২ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হয়েছে।
স্টেশন পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ে–এর মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনএনবাংলা/


আরও পড়ুন
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন রূপে ‘এই মন তোমাকে দিলাম’
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ বাংলাদেশি শ্রমিক নিহত
জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন