ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা চালানো হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাতের মধ্যেই রোববার এমন হুমকি দেয় বাহিনীটি।
আইআরজিসির ওয়েবসাইট সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, রোববার ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। এসব ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল।
ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একই সময়ে মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। তখন লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়, যেটিও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ।
হোম ফ্রন্ট কমান্ড আরও জানায়, দক্ষিণাঞ্চলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা কফার ইউভাল বসতির উত্তরের একটি এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। পাশাপাশি সীমান্তবর্তী একটি শহরে অবস্থানরত সেনাদের ওপর কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা: জুবাইদা রহমান
একই ছাতার আওতায় আনা হবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী