প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী এবং জিয়াউর রহমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান জানিয়েছেন, নারীদের ক্ষমতায়ন এবং কন্যাশিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত তাদের জন্য শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১৫ মার্চ) সকালে ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।
ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই লক্ষ্যেই নারীদের স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নেওয়া হবে। তিনি যোগ করেন, “শিক্ষা একটি কন্যাশিশুকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় এবং তাকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। একই সঙ্গে এটি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, একটি এমন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব যেখানে নারী ও কন্যাশিশুরা হবে নিরাপদ, সম্মানিত ও ক্ষমতায়িত।
অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, সমাজের নিপীড়িত ও পিছিয়ে থাকা মানুষের জন্য তাদের অবদান সত্যিই প্রশংসনীয়। এছাড়া, কন্যাশিশুদের অধিকার রক্ষায় এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া কন্যাশিশুরাও নিজেদের অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। তারা জানান, অনেক নারী বিচার পাওয়ার আশায় আদালতে গেলেও যথাযথ সহায়তা পান না। তারা চান, নারীরা যেন ন্যায়বিচার পেয়ে মাথা উঁচু করে আদালত থেকে বের হতে পারেন, এবং এটি নিশ্চিত করতে সরকার ও সমাজকে একসাথে কাজ করতে হবে।
কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা—এসব বিষয়েও বক্তারা গুরুত্বারোপ করেন। তারা উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে কন্যাশিশুদের ওপর সহিংসতা ও হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা আরও বলেন, কন্যাশিশুদের ভবিষ্যৎই বাংলাদেশের ভবিষ্যৎ—এই স্লোগান বাস্তবায়নের জন্য নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয়: ডোনাল্ড ট্রাম্প
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান